গ্লোবাল সাইবার আক্রমণ: বিদ্যুৎ, ব্যাংক, স্যাটেলাইট:কোন অবকাঠামো সবচেয়ে ঝুঁকিতে?

গ্লোবাল সাইবার আক্রমণ: বিদ্যুৎ, ব্যাংক, স্যাটেলাইট:কোন অবকাঠামো সবচেয়ে ঝুঁকিতে?

ডেস্ক: বিশ্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ডিজিটাল নির্ভর। বিদ্যুৎ থেকে ব্যাংকিং, যোগাযোগ থেকে পরিবহন,সবকিছুই প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই নির্ভরতার মাঝেই বাড়ছে সাইবার আক্রমণের ঝুঁকি।

বড় বড় দেশ, প্রতিষ্ঠান এমনকি সাধারণ মানুষও এই হুমকির মুখে পড়ছে।
প্রশ্ন উঠছে ,এই সাইবার যুদ্ধের যুগে কোন অবকাঠামো সবচেয়ে বেশি ঝুঁকিতে?

বর্তমান বিশ্বে সাইবার আক্রমণের মূল লক্ষ্য সাধারণত তিনটি খাত:বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম এবং স্যাটেলাইট বা যোগাযোগ অবকাঠামো। কারণ এই তিনটি খাতের ওপরই আধুনিক সমাজ পুরোপুরি নির্ভরশীল।

প্রথমেই আসি বিদ্যুৎ খাতের কথা।
বিদ্যুৎ না থাকলে একটি দেশ কার্যত অচল হয়ে যায়। হাসপাতাল, পানি সরবরাহ, ট্রাফিক সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে বিদ্যুৎ গ্রিড এখন সাইবার হামলার বড় টার্গেট।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা International Telecommunication Union এর মতে, অনেক দেশের বিদ্যুৎ ব্যবস্থায় এখনো পুরোনো সফটওয়্যার বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা হ্যাকারদের জন্য সহজ লক্ষ্য হয়ে উঠতে পারে।

এরপর আসে ব্যাংকিং খাত।
অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্স, ডিজিটাল পেমেন্ট সবকিছুই এখন ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে এই খাতে আক্রমণ হলে সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়।

International Monetary Fund এর বিশ্লেষণে বলা হয়েছে, সাইবার আক্রমণের কারণে ব্যাংকিং খাতে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে। ডেটা চুরি, লেনদেন বন্ধ হয়ে যাওয়ার মত বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

তৃতীয় বড় ঝুঁকি হলো স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থা।

ইন্টারনেট, জিপিএস, টিভি সম্প্রচার সবকিছুই স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। যদি এই সিস্টেমে আক্রমণ হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

Europol বলছে, আধুনিক যুদ্ধের একটি অংশ এখন সাইবার আক্রমণ। এতে সরাসরি অস্ত্র ব্যবহার না করেও একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা সম্ভব।

বিশ্লেষকদের মতে, এই তিনটি খাত ছাড়াও স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ এবং পরিবহন ব্যবস্থাও ঝুঁকির মধ্যে রয়েছে। তবে বিদ্যুৎ, ব্যাংক এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সাইবার আক্রমণ সরাসরি নয়, বরং ধাপে ধাপে হয়। প্রথমে ছোট কোনো সিস্টেমে প্রবেশ করা হয়, তারপর ধীরে ধীরে বড় নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। World Economic Forum এর মতে, ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরও বাড়বে, কারণ প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আক্রমণের কৌশলও তত জটিল হচ্ছে।

তবে প্রতিরোধের ব্যবস্থাও বাড়ছে।
অনেক দেশ এখন সাইবার ডিফেন্সে বিনিয়োগ বাড়াচ্ছে,
নতুন নিরাপদ সফটওয়্যার ব্যবহার করছে,এবং দক্ষ সাইবার বিশেষজ্ঞ তৈরি করছে।

বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশও এই বিষয়ে সচেতন হচ্ছে। কারণ ডিজিটাল সেবা বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে, গ্লোবাল সাইবার আক্রমণের এই সময়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ, ব্যাংকিং এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা।
এই তিনটি খাত যদি আক্রমণের শিকার হয়, তাহলে পুরো দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে।

শেষ পর্যন্ত, প্রযুক্তির ওপর নির্ভরতা যত বাড়বে, নিরাপত্তার প্রয়োজনও তত বাড়বে।
কারণ ডিজিটাল যুগে সবচেয়ে বড় শক্তি যেমন প্রযুক্তি তেমনি সবচাইতে ঝুঁকিপূর্ণ বিষয়ক হচ্ছে এই প্রযুক্তি।

আরো খবর ➔
গুগলকে ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা