ডেস্ক: প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের প্রভাববলয় যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন করে ফাঁস হওয়া মার্কিন বিচার বিভাগের নথিতে দেখা গেছে, ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
২০১৭ সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি এপস্টিনের কাছে জানতে চান—‘তুমি কার কথা বলবে?’ জবাবে এপস্টিন লেখেন, ‘একজন দীর্ঘাঙ্গি সুইডিশ স্বর্ণকেশী নারী, যেন সফরটা মজার হয়।’ এর পরপরই আম্বানির উত্তর ছিল—‘ওটার ব্যবস্থা করো।’
২০১৯ সালের মে মাসে অনিল আম্বানি নিউইয়র্ক সফরের পরিকল্পনা করলে এপস্টিন তাঁকে ম্যানহাটানে নিজের বাসায় আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি লেখেন, ‘যদি তুমি কারও সঙ্গে একান্তে দেখা করতে চাও, আমাকে জানিয়ো।’
প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টিন আম্বানি পরিবারের ব্যবসায়িক ইতিহাস সম্পর্কেও আগ্রহী ছিলেন। এ কারণে তিনি ‘আম্বানি অ্যান্ড সন্স’ ও ‘স্ট্রর্মস ইন দ্য সি উইন্ড: আম্বানি ভার্সেস আম্বানি’ বই দুটি সংগ্রহ করেছিলেন।
আদান–প্রদান হওয়া বার্তাগুলো থেকে জানা গেছে, হলিউডে আম্বানির যোগাযোগের ব্যাপারে জানতে চাইতেন এপস্টিন। এক কথোপকথনে তিনি জানতে চান, ‘এমন কোনো অভিনেত্রী বা মডেল আছেন, যিনি আম্বানির রুচির প্রতিনিধিত্ব করেন? আশা করছি মেরিল স্ট্রিপ নন। এ ক্ষেত্রে আমি কোনো সহযোগিতা করতে পারব না।’
জবাবে অনিল আম্বানি বলেন, তাঁর রুচি আরও ভালো। তাঁদের পরবর্তী সিনেমায় স্কারলেট জোহানসন অভিনয় করবেন। জবাবে এপস্টিন লেখেন, ‘আমি খুশি যে তুমি বয়স্কদের চেয়ে তরুণ স্বর্ণকেশী পছন্দ করো।’
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সহপ্রযোজনায় নির্মিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমায় অভিনয় করেছিলেন স্কারলেট জোহানসন।
৬৬ বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণ তাঁর ভাই ৬৮ বছর বয়সী মুকেশ আম্বানির হাতে। বর্তমানে তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। অনিল আম্বানি বর্তমানে আর্থিক সংকটে পড়েছেন এবং ভারতে কথিত ব্যাংক ঋণ জালিয়াতি নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
আম্বানি পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়াতে এপস্টিন টম প্রিটজকার ও পিটার থিয়েলের মতো ব্যবসায়িক ব্যক্তিদের কাছ থেকেও পরামর্শ নেন। প্রিটজকার পরামর্শ দেন, অনিলের সঙ্গে পিটার থিয়েলের পরিচিত হওয়া উচিত।
২০১৯ সালের মে মাসে নিউইয়র্কে সাক্ষাতের পর এপস্টিন অনিল আম্বানিকে একটি বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটা দারুণ ছিল, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগল।’



